
নিউজ ডেস্ক:উত্তরবঙ্গের আকাশপথে আসতে চলেছে বড় পরিবর্তন। পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং যাত্রী পরিষেবাকে আরও আধুনিক করতে বাগডোগরা বিমানবন্দরের পরিকাঠামো ঢেলে সাজানোর কাজ চলছে। প্রায় ১,৫৫০ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে নতুন টার্মিনাল। লক্ষ্য, পুরনো এবং সীমিত পরিকাঠামোর বদলে একটি বড় ও আধুনিক বিমানবন্দর গড়ে তোলা।
বর্তমানে যে টার্মিনাল ভবন রয়েছে, তার তুলনায় নতুন পরিকাঠামর আকার হবে কয়েক গুণ বেশি। প্রায় ৮১ হাজার বর্গমিটার এলাকাজুড়ে তৈরি হচ্ছে নতুন টার্মিনাল। এর ফলে ভবিষ্যতে বছরে প্রায় ১ কোটি যাত্রী পরিষেবা পাওয়ার সুযোগ তৈরি হবে বলে প্রকল্প-সংক্রান্ত তথ্য থেকে জানা যাচ্ছে।
নতুন টার্মিনালের নকশাতেও থাকছে উত্তরবঙ্গের নিজস্ব ছাপ। স্থাপত্যে ফুটিয়ে তোলার পরিকল্পনা রয়েছে এলাকার চা-বাগান, পাহাড় এবং স্থানীয় সংস্কৃতির নানা বৈশিষ্ট্য। অর্থাৎ বিমানবন্দরে পা রাখার পরই যাত্রীরা উত্তরবঙ্গের পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারবেন।
যাত্রী পরিষেবা আরও মসৃণ করতে থাকছে একাধিক অ্যারোব্রিজ। বড় বিমান ওঠানামার সুবিধার জন্য তৈরি হচ্ছে বিশেষ পার্কিং এবং বিমান পরিচালনার পরিকাঠামোও। ফলে ভবিষ্যতে যাত্রীসংখ্যা বাড়লেও পরিষেবার উপর চাপ কমানোর সুযোগ থাকবে।
পরিবেশবান্ধব পরিকাঠামোর দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে এই প্রকল্পে। নতুন বিমানবন্দর ভবনকে সৌরশক্তিনির্ভর করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানের গ্রিন বিল্ডিং স্বীকৃতি পাওয়ার লক্ষ্যও রাখা হয়েছে।
বাগডোগরা বিমানবন্দর উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র। দার্জিলিং, সিকিম এবং ডুয়ার্সের মতো পর্যটনকেন্দ্রে যাতায়াতের ক্ষেত্রে এই বিমানবন্দরের গুরুত্ব যথেষ্ট। তাই নতুন টার্মিনাল চালু হলে পর্যটন শিল্পের পাশাপাশি শিলিগুড়ি এবং আশপাশের অঞ্চলের ব্যবসা-বাণিজ্যেও তার প্রভাব পড়তে পারে।
প্রকল্পের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০২৭ সালের মার্চের মধ্যে নতুন পরিকাঠামোর কাজ সম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে। কাজ শেষ হলে উত্তরবঙ্গের বিমান যোগাযোগ ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসার সম্ভাবনা।
বাগডোগরার এই মেগা প্রকল্প তাই শুধু একটি নতুন টার্মিনাল নির্মাণ নয়—উত্তরবঙ্গের পর্যটন ও অর্থনীতির জন্যও একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত পরিবর্তনের পদক্ষেপ।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments