Homeরাজ্য‘আর বাইরে যেতে হবে না, ঘরে ফিরুন যুবসমাজ’, নিউটাউনে ৫,৮০০ জনের কর্মসংস্থান ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘আর বাইরে যেতে হবে না, ঘরে ফিরুন যুবসমাজ’, নিউটাউনে ৫,৮০০ জনের কর্মসংস্থান ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

resizeplus_images (1)

নিউজ ডেস্ক: “চাকরি না পেয়ে রাজ্যের যুবসমাজকে আর পরিযায়ী হয়ে বাইরে চলে যেতে হবে না। রাজ্য ছাড়ার দিন এবার শেষ, আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গকে নতুন করে গড়ে তোলা।” নিউটাউনে একটি আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি (IT) সংস্থার নতুন কার্যালয় উদ্বোধনে উপস্থিত হয়ে এমন প্রত্যয়ী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, নবনির্মিত এই প্রযুক্তি কেন্দ্রে প্রথম দফাতেই প্রায় ৫,৮০০ জন শিক্ষিত যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর সঙ্গেই রাজ্যের বাইরে কর্মরত বাঙালি তরুণ-তরুণীদের উদ্দেশ্যে তাঁর আবেগঘন বার্তা, “বাইরে থাকা রাজ্যাবাসীরা ঘরে ফিরে আসুন। ডবল ইঞ্জিন সরকার কাজ শুরু করে দিয়েছে, আপনাদের সবাইকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত।”

উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্ব ও ধারাবাহিক অনুপ্রেরণাকে সম্বল করেই বর্তমান সরকার রাজ্যকে নতুন দিশা দেখাচ্ছে। বিগত সময়ে রাজ্যের অনুকূল পরিবেশের অভাব এবং প্রশাসনিক স্তরে সদিচ্ছার ঘাটতির কারণে হাজার হাজার শিক্ষিত বেকার যুবক-যুবতী কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ না পেয়ে হতাশায় ভুগেছেন। তবে রাজ্যে পালাবদলের পর ডবল ইঞ্জিন সরকার তৈরি হওয়ায় সেই ছবি বদলেছে। নতুন উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে রাজ্য ও কেন্দ্র সরকার যৌথভাবে পিএম মুদ্রা (PM Mudra) এবং পিএম বিশ্বকর্মা (PM Vishwakarma)-র মতো বিভিন্ন জনকল্যাণমুখী স্কিমকে সফলভাবে প্রয়োগ করছে।

রাজ্যের শিল্পায়নের পথ সুগম করতে বিগত দিনের ‘তিনটি বড় বাধা’ কাটিয়ে ওঠার কথা স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, “ক্ষমতায় আসার পর আমরা রাজ্যের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা, সিন্ডিকেট রাজ, তোলাবাজি ও সর্বব্যাপী রাজনীতিকরণের সংস্কৃতি বন্ধ করতে সফল হয়েছি। বিনিয়োগের পরিবেশ এখন পুরোপুরি তৈরি।”

নির্বাচনী সংকল্পপত্রে দেওয়া প্রতিশ্রুতি মেনে শিল্প ও কর্মসংস্থানকেই অগ্রাধিকার দিচ্ছে বর্তমান রাজ্য সরকার। এই প্রসঙে টাটা গোষ্ঠীকে বাংলায় ফিরিয়ে আনার বিষয়েও নিজের অবস্থানের পুনরাবৃত্তি করেন শুভেন্দু অধিকারী। তবে সিঙ্গুরের জমি প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, “সিঙ্গুরের সেই জমি আর সরকারের অধীনে নেই, দীর্ঘদিনের টানাপোড়েনে মাটির চরিত্র বদলে গিয়েছে। কিন্তু টাটাকে বাংলায় পুনর্বাসিত করতে রাজ্য সরকার অন্য উপযুক্ত স্থানে জমি দিতে পুরোপুরি তৈরি।” মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন, নতুন শিল্পনীতি ও কর্মসংস্থানমুখী পদক্ষেপের মাধ্যমে রাজ্য খুব শিগগিরই প্রযুক্ত ও শিল্প ক্ষেত্রে এক নতুন যুগে প্রবেশ করবে।

No Comments

    একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।

    LINKS

    ABOUT US

    ফোন নম্বর

    +৯১ ৮৪২০৬৫৮৯৯৯

    আমাদের ঠিকানা

    আর্চ স্কোয়ার X2 বিল্ডিং
    কলেজ মোড়, সেক্টর ৫
    কলকাতা - ৭০০০৯১

    Copyright 2026 NGTV News. All rights reserved