Homeজেলাএম.জি.আই একাডেমির জুনিয়র ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন আয়োজক দল

এম.জি.আই একাডেমির জুনিয়র ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন আয়োজক দল

WhatsApp Image 2026-09-27 at 3.28.37 PM

নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের গোদাগাড়ী মল্লিকপাড়া চড়ক ময়দানে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হল ‘জুনিয়র ফুটবল প্রতিযোগিতা ২০২৬’। এম.জি.আই একাডেমির ১২তম বর্ষপূর্তি উপলক্ষে একদিনের এই ফুটবল টুর্নামেন্ট ঘিরে সকাল থেকেই মাঠে ছিল উৎসবের আবহ। খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতেও সরগরম হয়ে ওঠে গোটা এলাকা।

শনিবার সকাল ১০টায় জাতীয় সংগীত ও জাতীয় গান পরিবেশনের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা হয়। এরপর শুরু হয় সিলেকশন রাউন্ড। এবারের টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। দলগুলি হল— গোদাগাড়ী আদিবাসী জুনিয়র সংঘ, গোদাগাড়ী ভাই ভাই সংঘ, গোদাগাড়ী এম.জি.আই টিম, বাগমারা নাইট রাইডার্স, রাইজিং স্টারস, বাগমারা জুনিয়র টিম, পাগলু জুনিয়র টিম এবং এম. স্পোর্টস।

শুরু থেকেই প্রতিটি ম্যাচে দেখা যায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা। মাঠে তরুণ ফুটবলারদের দক্ষতা, গতি এবং জয়ের জন্য লড়াই দর্শকদের নজর কাড়ে। সিলেকশন রাউন্ডের লড়াই শেষে চারটি দল জায়গা করে নেয় সেমিফাইনালে। সেখানেও উত্তেজনাপূর্ণ ম্যাচের পর ফাইনালের টিকিট পায় গোদাগাড়ী এম.জি.আই টিম এবং এম. স্পোর্টস।

বিকেলের দিকে ফাইনাল ম্যাচ ঘিরে মল্লিকপাড়া চড়ক ময়দানে দর্শকদের ভিড় আরও বাড়তে থাকে। দু’দলের ফুটবলারদের লড়াইয়ে ম্যাচজুড়ে ছিল উত্তেজনা। শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয় আয়োজক দল গোদাগাড়ী এম.জি.আই টিম। অন্যদিকে লড়াই করে রানার্স-আপের সম্মান অর্জন করে এম. স্পোর্টস।

বিকেল ৫টার দিকে খেলা শেষ হওয়ার পর অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে এম.জি.আই একাডেমির সম্পাদক সৌরভ সরকার প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও বিভিন্ন পুরস্কার তুলে দেন একাডেমির কর্মকর্তারা।

আয়োজকদের বক্তব্য, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং এলাকার ক্রীড়া প্রতিভাদের সামনে এগিয়ে আসার সুযোগ তৈরি করাই এই ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় মানুষের উৎসাহও ছিল চোখে পড়ার মতো।

No Comments

তাজা খবর

আরও পড়ুন

একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।

Copyright 2026 NGTV News. All rights reserved