Last updated: September 17th, 2026 at 06:38 pm

নিউজ ডেস্ক; দিঘায় বেড়াতে গেলে এবার সমুদ্রের ধারে একটু বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। নিউ দিঘার সৈকত লাগোয়া বোল্ডারের ফাঁক থেকে উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক বিষধর চন্দ্রবোড়া। পর্যটকদের চোখে পড়ার পর খবর যায় বন দফতরে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন বনকর্মীরা।
জানা গিয়েছে, নিউ দিঘার সৈকতে কয়েক জন পর্যটক পাথরের উপর বসেছিলেন। সেই সময়ই বোল্ডারের খাঁজে সাপটিকে দেখতে পান তাঁরা। বিষয়টি বন দফতরকে জানানো হলে দিঘা ফরেস্ট রেঞ্জের কর্মীরা সেখানে পৌঁছন। নিরাপদে সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
বন দফতর জানিয়েছে, উদ্ধার হওয়া সাপটি বিষধর চন্দ্রবোড়া। পূর্ব মেদিনীপুরের বন আধিকারিক অঞ্জন গুহের বক্তব্য, দিঘার আশপাশে বনাঞ্চল রয়েছে এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় চন্দ্রবোড়ার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ফলে এই এলাকায় সাপটির দেখা মেলা একেবারে অস্বাভাবিক নয়। পর্যটকদের সতর্ক করতে সচেতনতা প্রচারও চালানো হচ্ছে।
দিঘায় এর আগেও বিষধর ‘ইয়েলো-বেলি’ সামুদ্রিক সাপের দেখা মিলেছিল। এবার সৈকতের বোল্ডারের ফাঁক থেকে চন্দ্রবোড়া উদ্ধারের ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্কতা তৈরি হয়েছে।
বন দফতরের তরফে পর্যটকদের বোল্ডারের ফাঁকে হাত না দেওয়া, পাথরের উপর বসার সময় সতর্ক থাকা এবং অন্ধকার বা কম আলোয় সৈকতের নির্জন অংশে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সাপ চোখে পড়লে নিজে ধরার চেষ্টা না করে দ্রুত বন দফতরকে খবর দিতে বলা হয়েছে। স্নানের ক্ষেত্রেও নির্দিষ্ট ও নিরাপদ জায়গা ব্যবহার করার পরামর্শ রয়েছে।
সমুদ্রের ঢেউ, সৈকতের সৌন্দর্য আর ছুটির আমেজের মধ্যে বোল্ডারের ফাঁকে যে এমন বিষধর সাপ লুকিয়ে থাকতে পারে, দিঘার এই ঘটনা ফের সেই সতর্কবার্তাই সামনে আনল।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments