Last updated: September 17th, 2026 at 02:07 pm

নিউজ ডেস্ক; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে একাধিক কর্মসূচির পরিকল্পনা করেছে প্রশাসন। পিছিয়ে পড়া গ্রামগুলিকে দত্তক নিয়ে উন্নয়নমূলক কাজের উদ্যোগ থেকে শুরু করে রক্তদান শিবির, বিভিন্ন প্রতিযোগিতা এবং প্রদীপ প্রজ্বলন—একাধিক কর্মসূচি রাখা হয়েছে ‘সেবা সংকল্প অভিযান’-এর আওতায়।
প্রশাসন সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের ১৫টি বিধানসভা এলাকার প্রতিটি থেকে ১০টি করে পিছিয়ে পড়া গ্রাম চিহ্নিত করার পরিকল্পনা হয়েছে। সেই গ্রামগুলির পরিকাঠামো, সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা এবং প্রয়োজনীয় সরকারি পরিষেবা ঠিকমতো পৌঁছচ্ছে কি না, তা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। শালবনি ব্লকের বুড়িশোল গ্রামও প্রাথমিক তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে। গ্রামগুলির উন্নয়ন প্রক্রিয়ায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
শুধু গ্রাম উন্নয়ন নয়, জন্মদিন উপলক্ষে জনকল্যাণমূলক কর্মসূচিতেও জোর দেওয়া হয়েছে। জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় রক্তদান শিবিরের পাশাপাশি স্কুলগুলিতে অঙ্কন-সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা রয়েছে। স্থানীয় স্তরে সাধারণ মানুষকে যুক্ত করেই কর্মসূচিগুলি বাস্তবায়নের কথা জানিয়েছে প্রশাসন।
এর পাশাপাশি রয়েছে প্রদীপ প্রজ্বলনের বিশেষ আয়োজন। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বিধানসভা এলাকায় এক লক্ষ মাটির প্রদীপ বিলির পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি বাড়ি এবং ধর্মীয় স্থানেও প্রদীপ জ্বালানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
পূর্ব মেদিনীপুরেও একই দিনে বড় আকারে প্রদীপ প্রজ্বলনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি বিধানসভা কেন্দ্রভিত্তিক সরকারি উদ্যোগে প্রায় ৫০ হাজার করে প্রদীপ জ্বালানো হবে। সব মিলিয়ে জেলায় প্রায় ২২ লক্ষ ৫০ হাজার প্রদীপ জ্বালানোর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। বিভিন্ন ব্লক অফিস থেকে ইতিমধ্যেই প্রদীপ বিতরণের কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
তমলুকের বর্গভীমা মন্দিরে প্রদীপ জ্বালিয়ে কর্মসূচির সূচনা করার পরিকল্পনাও রয়েছে। সেখানে জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা। একই সঙ্গে জেলার প্রশাসনিক দফতর, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান, দেবালয় এবং সরকারি কার্যালয়গুলিতেও প্রদীপ প্রজ্বলনের কর্মসূচি রাখা হয়েছে।
রাজ্যজুড়েও ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত ‘সেবা সংকল্প অভিযান’-এর আওতায় নানা কর্মসূচি চালানোর কথা জানানো হয়েছে। রক্তদান, স্বাস্থ্য শিবির, পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পড়ুয়াদের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর কর্মসূচিও রয়েছে। রাজ্যজুড়ে ৭০ লক্ষেরও বেশি প্রদীপ জ্বালানোর পরিকল্পনার কথা আগেই জানানো হয়েছিল।
সব মিলিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে মেদিনীপুরের দুই জেলাতেই প্রশাসনিক ও সামাজিক কর্মসূচির প্রস্তুতি তুঙ্গে। একদিকে পিছিয়ে থাকা গ্রামগুলির উন্নয়নের পরিকল্পনা, অন্যদিকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বড় পরিসরে জনসম্পৃক্ততা—দুই দিকেই নজর রাখা হয়েছে এ বারের আয়োজনে।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments