Last updated: September 17th, 2026 at 01:43 pm

নিউজ ডেস্ক; তিন মাস বন্ধ থাকার পর বুধবার নতুন পর্যটন মরশুমে খুলেছে গোরুমারা জাতীয় উদ্যান। প্রথম দিন পর্যটকদের কাছ থেকে কোনও প্রবেশমূল্য নেওয়া হয়নি। তবে সেই ‘ফ্রি’ জঙ্গল ভ্রমণের সুযোগ আর থাকছে না। বন দফতরের সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার থেকে গোরুমারায় ঢুকতে মাথাপিছু ২০০ টাকা প্রবেশমূল্য দিতে হবে। এর সঙ্গে জিপসির রোড চার্জ বাবদ মাথাপিছু আরও ৪৮০ টাকা দিতে হবে।
জঙ্গল খোলার প্রথম দিনে গোরুমারার বিভিন্ন নজরমিনারে পর্যটকদের ভিড় দেখা গেলেও সাফারি নিয়ে কিছুটা সমস্যা তৈরি হয়। ওয়েবসাইটে গোলযোগের কারণে হাতি সাফারির সুযোগ পাননি পর্যটকদের একাংশ। পাশাপাশি রাস্তার বেহাল দশার কারণেও কয়েকটি জায়গায় পৌঁছতে সমস্যায় পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন পর্যটকেরা। লাটাগুড়ি এলাকাতেও জঙ্গল সাফারি নিয়ে সমস্যার কথা সামনে এসেছে।
বন দফতর জানিয়েছে, শুক্রবার থেকে ফের নিয়মিত প্রবেশমূল্য চালু হচ্ছে। এত দিন কাউন্টার থেকে টিকিট কাটার ব্যবস্থা থাকলেও এ বার অনলাইন বুকিংয়ের ব্যবস্থাও চালু করা হচ্ছে। অর্থাৎ, পর্যটকেরা আগে থেকে টিকিট বুক করার সুযোগ পাবেন। বন দফতরের গোরুমারা বন্যপ্রাণী বিভাগের এডিএফও রাজীব দে জানিয়েছেন, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী এই প্রবেশমূল্য ফের চালু করা হচ্ছে।
গত বছর তৎকালীন রাজ্য সরকারের সিদ্ধান্তে গোরুমারায় প্রবেশমূল্য তুলে দেওয়া হয়েছিল। ফলে এত দিন পর্যটকদের মূলত জিপসি ও গাইডের খরচ বহন করেই জঙ্গলে ঘোরার সুযোগ ছিল। নতুন সরকারের আমলে ফের প্রবেশমূল্য চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন দফতরের তরফে যুক্তি, প্রবেশমূল্য থেকে রাজস্ব আদায় হলে জঙ্গলের পরিকাঠামো ও উন্নয়নমূলক কাজে সেই অর্থ ব্যবহার করা সম্ভব হবে।
তবে নতুন করে টিকিট চালু হওয়ায় পর্যটন ব্যবসায়ীদের একাংশের মধ্যে উদ্বেগও তৈরি হয়েছে। তাঁদের আশঙ্কা, পরিবার নিয়ে ডুয়ার্সে বেড়াতে আসা অনেক পর্যটক আগে থেকেই নির্দিষ্ট বাজেট করে রাখেন। অতিরিক্ত প্রবেশমূল্য ও সাফারির খরচ যোগ হওয়ায় তাঁদের কেউ কেউ খরচ কমাতে পারেন। ফলে পুজোর মরশুমে পর্যটনের উপর এর প্রভাব পড়বে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
অন্যদিকে, জিপসি চালকদের একাংশের অভিযোগ, গোরুমারা ও লাটাগুড়ির কয়েকটি সাফারি রুটে রাস্তার অবস্থা এখনও পুরোপুরি ভালো নয়। পুজোর মরশুম শুরুর আগেই রাস্তা সংস্কারের দাবি উঠেছে। গোরুমারার কয়েকটি নজরমিনার সংস্কারের কাজও এখনও সম্পূর্ণ হয়নি বলে জানা গিয়েছে। ফলে নতুন মরশুমে একদিকে বাড়ছে পর্যটকদের খরচ, অন্যদিকে পরিষেবা ও পরিকাঠামো নিয়ে প্রশ্নও থাকছে।
সব মিলিয়ে বুধবার জঙ্গল খোলার সঙ্গে পর্যটনের দরজা খুললেও শুক্রবার থেকে শুরু হচ্ছে নতুন নিয়ম। গোরুমারার জঙ্গল দেখতে গেলে এখন থেকে প্রবেশমূল্যের পাশাপাশি সাফারির খরচও হিসাবের মধ্যে রাখতে হবে পর্যটকদের।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments