Last updated: September 4th, 2026 at 02:34 pm

নিউজ ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় রুপোর গয়না পাচারের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে। পাচারে বাধা দিতে গিয়ে কর্তব্যরত এক বিএসএফ জওয়ান আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। ঘটনায় বিএসএফের তৎপরতায় এক জনকে আটক করা হয়। পরে পুলিশ আরও দু’জনকে গ্রেফতার করেছে।
ঘটনাটি স্বরূপনগরের দোহরকন্দা সীমান্তবর্তী এলাকায়। সূত্রের খবর, বুধবার গভীর রাতে কয়েক জন ব্যক্তি রুপোর গয়না পাচারের উদ্দেশ্যে সীমান্তের কাছে জড়ো হয়েছিলেন। সেই সময় কর্তব্যরত এক বিএসএফ জওয়ানের নজরে আসে সন্দেহজনক জমায়েত।
অভিযোগ, জওয়ান তাঁদের বাধা দিতে গেলে কয়েক জন তাঁর উপর চড়াও হন। তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। এমনকি তাঁর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল বলেও জানা গিয়েছে।
আক্রান্ত জওয়ানের চিৎকার শুনে আশপাশে থাকা অন্য বিএসএফ জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তাঁদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তেরা পালানোর চেষ্টা করেন। বিএসএফের হাতে এক অভিযুক্ত ধরা পড়লেও অন্যরা পালিয়ে যায় বলে সূত্রের খবর।
ধৃতকে পরে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশি জিজ্ঞাসাবাদের পর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে তিন জন এখন পুলিশি হেফাজতে।
ধৃতদের বিরুদ্ধে সীমান্ত এলাকায় পাচারচক্রের সঙ্গে যোগ রয়েছে কি না, আরও কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত কি না এবং কী পরিমাণ রুপোর গয়না পাচারের পরিকল্পনা ছিল— তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
পুলিশ ধৃত তিন জনকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করেছে। বিএসএফ জওয়ানের উপর হামলা এবং তাঁর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে সূত্রের খবর।
একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।
Copyright 2026 NGTV News. All rights reserved
No Comments