Homeঅন্যান্যলাইফস্টাইলটলিপাড়ায় নতুন রসায়ন! দুর্জয় মণ্ডলের ‘অভিনেত্রী’তে জুটি বাঁধছেন ওম ও মৌপিয়া, নেপথ্যে স্বপ্ন ও রহস্যের গল্প

টলিপাড়ায় নতুন রসায়ন! দুর্জয় মণ্ডলের ‘অভিনেত্রী’তে জুটি বাঁধছেন ওম ও মৌপিয়া, নেপথ্যে স্বপ্ন ও রহস্যের গল্প

নিউজ ডেস্ক: টলিপাড়ায় ফের এক তাজা ও নতুন জুটির আত্মপ্রকাশ ঘটতে চলেছে রূপোলি পর্দায়। পরিচালক দুর্জয় মণ্ডলের নতুন পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র
resizeplus_1788021922193_101526

নিউজ ডেস্ক: টলিপাড়ায় ফের এক তাজা ও নতুন জুটির আত্মপ্রকাশ ঘটতে চলেছে রূপোলি পর্দায়। পরিচালক দুর্জয় মণ্ডলের নতুন পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘অভিনেত্রী’-তে মুখ্য চরিত্রে জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনেতা ওম সাহানি (Om Sahani) এবং তরুণ অভিনেত্রী মৌপিয়া গোস্বামী। তবে এই ছবিকে নিছক কোনো রূপকথা বা সাধারণ প্রেমের গল্প বলে দাগিয়ে দিতে নারাজ নির্মাতারা। পরিচালক ও কলাকুশলীদের দাবি, ভালোবাসার পাশাপাশি স্ট্রাগল, উচ্চাকাঙ্ক্ষা এবং স্বপ্নকে ছুঁয়ে দেখার এক বাস্তবসম্মত ক্যানভাস ফুটে উঠতে চলেছে এই সিনেমায়, যেখানে প্রতি পদে থাকবে মনস্তাত্ত্বিক মোড় ও টানটান রহস্যের চমক।

সিনেমার গল্পে ওম সাহানি অভিনয় করছেন ‘কাব্য রায়’ নামের এক সংগ্রামরত তরুণ লেখকের চরিত্রে। যে কি না নিজের লেখা গল্প ও চিত্রনাট্য নিয়ে টলিপাড়ার বিভিন্ন প্রযোজক ও পরিচালকদের অফিসে অফিসে ঘুরে বেড়ায় এবং বিনোদন জগতে নিজের শক্ত জমিন তৈরি করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। নিজের চরিত্র সম্পর্কে ওম জানান, “কাব্য একজন উঠতি চিত্রনাট্যকার। নিজের কেরিয়ার গড়ার কঠিন লড়াইয়ের মাঝেই তার পরিচয় হয় পদ্মজার সঙ্গে। এর পর দু’জনের জীবনের পথচলা, নানা বাধা-বিপত্তি, টানাপোড়েন এবং বাস্তব পরিস্থিতির সঙ্গে তাদের মুখোমুখি হওয়ার গল্প নিয়েই এগিয়ে যাবে সিনেমাটি।”

অন্যদিকে, গল্পে ‘পদ্মজা’র ভূমিকায় দেখা যাবে মৌপিয়া গোস্বামীকে। পদ্মজা একজন প্রতিভাবান, পরিশ্রমী ও চরম উচ্চাকাঙ্ক্ষী মডেল-অভিনেত্রী, যে নিজের মেধা দিয়ে গ্ল্যামার দুনিয়ায় স্থান তৈরি করতে চায়। কিন্তু ঝলমলে আলোর পেছনে তাকে সহ্য করতে হয় অজস্র প্রতিকূলতা। নিজের ভূমিকা প্রসঙ্গে মৌপিয়া বলেন, “পদ্মজার চরিত্রে অভিনয় করতে গিয়ে অনেক কিছু নতুন করে শিখেছি। তার চোখে যেমন স্বপ্ন রয়েছে, তেমনই রয়েছে ঘাত-প্রতিঘাতের লড়াই। এই চরিত্রে নিছক প্রেম ছাড়াও অনেকগুলো মনস্তাত্ত্বিক স্তর ও রহস্য লুকিয়ে রয়েছে, যা দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ হবে।”

দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষের স্বপ্ন ও বাস্তবতা কীভাবে এক সূত্রে গাঁথবে, আর সম্পর্কের টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে— সেই উত্তরই দেবে ‘অভিনেত্রী’। পরিচালক দুর্জয় মণ্ডলের এই নতুন প্রচেষ্টা টলিপাড়ায় নতুন হাওয়া আনবে বলেই আশা প্রকাশ করছেন বিনোদন প্রেমীরা।

No Comments

তাজা খবর

একটি স্বাধীন ডিজিটাল সংবাদ মাধ্যম, যার লক্ষ্য শুধু সংবাদ পরিবেশন নয়— মানুষের কথা, মানুষের অধিকার এবং সমাজের বাস্তব চিত্রকে নির্ভীকভাবে তুলে ধরা।

Copyright 2026 NGTV News. All rights reserved